ভৌত ধর্ম
ভৌত ধর্ম বলতে কোনও ভৌত ব্যবস্থার যেকোনও পরিমাপযোগ্য বৈশিষ্ট্য বা ধর্মকে বোঝায়।[১] ক্ষণস্থায়ী বিভিন্ন অবস্থার মধ্যে কোনও ব্যবস্থার পরিবর্তনগুলিকে ঐ ব্যবস্থার ভৌত ধর্মের পরিবর্তনগুলি দ্বারা বর্ণনা করা যেতে পারে। একটি সাংখ্যিকভাবে পরিমাপযোগ্য ভৌত ধর্মকে ভৌত রাশি বলা হয়। পরিমাপযোগ্য ভৌত রাশিগুলিকে প্রায়শই পর্যবেক্ষণযোগ্য হিসেবে উল্লেখ করা হয়। কিছু ভৌত ধর্ম গুণবাচক হয়, যেমন মসৃণ উজ্জ্বলতা, ভঙ্গুরতা, ইত্যাদি; কিছু কিছু সাধারণ গুণগত ধর্মকে সংশ্লিষ্ট পরিমাণগত ধর্মের মাধ্যমে আরও সূক্ষ্মভাবে প্রকাশ করা যেতে পারে, যেমন অনচ্ছতা, কাঠিন্য, নমনীয়তা, সান্দ্রতা, ইত্যাদি।
ভৌত ধর্মগুলিকে প্রায়শই সংকীর্ণ ও বিকীর্ণ ধর্ম হিসেবে চিহ্নিত করা হয়। একটি সংকীর্ণ ধর্ম (যেমন ঘনত্ব, চাপ, তাপমাত্রা) ভৌত ব্যবস্থার আকার, ব্যাপ্তি বা সেটিতে পদার্থের পরিমাণের উপর নির্ভর করে না। অন্যদিকে একটি বিকীর্ণ ধর্ম ব্যবস্থার আকারের সাপেক্ষে বেশি বা কম এবং একাধিক ব্যবস্থা সংযোজন করলে একটি সংযোজী সম্পর্ক প্রদর্শন করে। এই শ্রেণীবিভাগগুলি সাধারণত কেবলমাত্র সেসব ক্ষেত্রেই বৈধ, যেখানে নমুনার ছোট ছোট বিভাজনগুলি একত্রিত হলে কোনও ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ায় একে অপরের সাথে মিথস্ক্রিয়া করে না।
ধর্মগুলিকে তাদের প্রকৃতির অভিমুখিতার উপর ভিত্তি করেও শ্রেণীবদ্ধ করা যেতে পারে। উদাহরণস্বরূপ, সমদৈশিক ধর্মগুলি পর্যবেক্ষণের অভিমুখের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় না, কিন্তু বিষমদৈশিক ধর্মগুলির স্থানিক বৈচিত্র্য থাকে।
কোনও নির্দিষ্ট ধর্ম বস্তুগত ধর্ম কিনা, তা নির্ধারণ করা কঠিন হতে পারে। উদাহরণস্বরূপ, রঙ দেখা ও পরিমাপ করা যেতে পারে। কিন্তু রঙ হিসেবে যা অনুভূত বা প্রত্যক্ষ হয়, তা প্রকৃতপক্ষে কোনও পৃষ্ঠের প্রতিফলনগত ধর্মাবলী এবং পৃষ্ঠটিকে আলোকিত করার জন্য ব্যবহৃত আলোর এক ধরনের ব্যাখ্যা। এই অর্থে অনেক আপাতদৃষ্টিতে ভৌত বৈশিষ্ট্যকে উপরি-নির্ভরশীল বলা হয়। উপরি-নির্ভরশীল ধর্ম বলতে এমন কোনও ধর্মকে বোঝায়, যা বাস্তব, কিন্তু যেটি কোনও অন্তর্নিহিত বাস্তবতার উপর নির্ভরশীল। কোনও বস্তু যেমন অন্তর্নিহিত পারমাণবিক কাঠামোর উপর উপরি-নির্ভরশীল হয়, এ ব্যাপারটি তার অনুরূপ। একটি পানপাত্রের ভর, আকৃতি, রঙ, তাপমাত্রা ইত্যাদি ভৌত ধর্ম থাকতে পারে, তবে এই বৈশিষ্ট্যগুলি অন্তর্নিহিত পারমাণবিক কাঠামোর উপর উপরি-নির্ভরশীল হয়, যেটি আবার একটি আরও অন্তর্নিহিত কোয়ান্টাম কাঠামোর উপর উপরি-নির্ভরশীল হতে পারে।
ভৌত ধর্মগুলিকে রাসায়নিক ধর্মগুলির সাথে প্রতিতুলনা করা হয়। রাসায়নিক ধর্মগুলি রাসায়নিক বিক্রিয়ায় কোনও উপাদানের আচরণ নির্ধারণ করে।
ভৌত ধর্মের তালিকা
[সম্পাদনা]ঐতিহ্যগতভাবে চিরায়ত বলবিজ্ঞান দ্বারা সংজ্ঞায়িত বস্তুর ভৌত ধর্মগুলিকে প্রায়শই যান্ত্রিক ধর্ম বলা হয়। ভৌত ধর্মের প্রায়শ আলোচিত আরও কিছু বৃহৎ শ্রেণীর মধ্যে বৈদ্যুতিক ধর্মাবলী, আলোকীয় ধর্মাবলী, তাপীয় ধর্মাবলী, ইত্যাদি উল্লেখ্য। নিচে ভৌত ধর্মগুলির একটি তালিকা দেওয়া হল:[১]
- অনচ্ছতা
- অনমনীয়তা
- অবশোষণ (তড়িৎচুম্বকীয়)
- অবশোষণ (ভৌত)
- অস্থিতিস্থাপক নমনীয়তা
- আপেক্ষিক তাপ
- আবেশিতা
- আয়তন
- আয়তনমিতিক প্রবাহ হার
- সহতামাত্রা
- কম্পাঙ্ক
- কাঠিন্য
- কৌণিক ভরবেগ
- ক্ষেত্রফল
- গড় প্রতিফলনীয়তা
- গলনাংক
- ঘনত্ব
- ঘনমাত্রা
- ঘাতসহিষ্ণুতা
- চক্রণ
- চাপ
- চুম্বকশীলতা
- চৌম্বক ক্ষেত্র
- চৌম্বক প্রবাহ
- টান
- তরঙ্গ প্রতিবন্ধকতা
- তাপগ্রাহিতা
- তাপমাত্রা
- তাপীয় পরিবাহিতা
- তাপীয় রোধ
- দৈর্ঘ্য
- দ্যুতি
- দ্রাব্যতা
- ধারকত্ব
- নমনীয়তা
- নিঃসরণ
- নির্গত বিকীর্ণ ঘনত্ব
- পরম অবস্থান
- পরাবৈদ্যুতিক ধ্রুবক
- প্রতিফলনীয়তা
- প্রতিসরণাঙ্ক
- প্রবাহিতা
- বণ্টন
- বিকীর্ণ তীব্রতা ঘনত্ব
- বিদ্যুৎশীলতা
- বেগ
- বৈদ্যুতিক আধান
- বৈদ্যুতিক ক্ষেত্র
- বৈদ্যুতিক পরিবাহিতা
- বৈদ্যুতিক প্রতিবন্ধকতা
- বৈদ্যুতিক বিভব
- ভঙ্গুরতা
- ভর প্রবাহ হার
- ভর
- ভরবেগ
- ভ্রামক
- রঙ
- রোধাঙ্ক
- সংকীর্ণ প্রতিবন্ধকতা
- সংকীর্ণতা
- সংদীপ্ত তীব্রতা ঘনত্ব
- সংদীপ্তি
- সান্দ্রতা
- স্থিতিস্থাপকতা
- স্ফুটনাংক
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Mark, Burgin (২৭ অক্টোবর ২০১৬)। Theory Of Knowledge: Structures And Processes (ইংরেজি ভাষায়)। World Scientific। আইএসবিএন ৯৭৮৯৮১৪৫২২৬৯৪। ২৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- Cesare Emiliani (১৯৮৭)। Dictionary of the Physical Sciences: Terms, Formulas, Data। Oxford University Press। আইএসবিএন ৯৭৮-০-১৯-৫০৩৬৫১-০।
- Robert A. Meyers (২০০১)। Encyclopedia of Physical Science and Technology (3rd সংস্করণ)। Academic Press।